রাজধানীতে কয়েলের আগুনে দগ্ধ ৩
রাজধানীর বাড্ডায় মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন সুজন (৩৫), তার স্ত্রী মুক্তা (২০) ও তাদের দেড় বছরের কন্যা সুরাইয়া আক্তার। তাদের মধ্যে বাবা সুজন ও মেয়ে সুরাইয়ার অবস্থা আশঙ্কাজনক।
সুজনের মামা শাহ আলম জানিয়েছেন, বাড্ডার বাঁশতলা গলির একটি ভাড়া বাড়িতে ভোর ৬টার দিকে চারদিকে ধোঁয়া ও আগুন দেখে তারা ঘুম থেকে জাগেন। কিন্তু চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় ঘর থেকে কেউ বেরুতে পারছিল না। এসময় তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে (ঢামেক) হাসপতালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ঢামেক সূত্রে জানা যায়, আগুনে সুজনের শরীরের ৭৫ শতাংশ, মুক্তার ১৫ শতাংশ এবং মেয়ে সুরাইয়ার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সুজন ও সুরাইয়ার শ্বাসনালী পুড়ে গিয়েছে। ফলে তাদের অবস্থা শঙ্কটাপন্ন।
জেআর/পিআর