ডায়রিয়ায় আক্রান্ত সালাহউদ্দিন : ফের হাসপাতালে


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৮ মে ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে জেলহাজতে পাঠানোর ৬ ঘণ্টা পর শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় তাকে আবারো হাসপাতালে নেয়া হয়েছে। জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ বুকের ব্যথার পাশাপাশি নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বুধবার সালাহউদ্দিন আহমদকে ১৪ দিনের জেল হাজতে পাঠায় সেখানকার আদালত।

সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার হাসপতাল থেকে ছাড়া পাওয়ার পর বুধবার দুপুরে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় আদালতে তোলা হয়। আদালত তাকে দুই সপ্তাহের আইনী হেফাজতে (কারাগারে) পাঠানোর নির্দেশ দেন। কিন্তু বুধবার রাতে শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় তাকে আবারো নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়।

সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের বরাত দিয়ে একটি সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদের জামিন চেয়ে তার স্ত্রীর আবেদনের শুনানি শুক্রবার স্থানীয় আদালতে অনুষ্ঠিত হবে।

দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে শিলংয়ে গেলেন তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে, যা এখনও উন্মোচিত হয়নি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।