আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস শুক্রবার


প্রকাশিত: ১০:১১ এএম, ২৮ মে ২০১৫

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে শুক্রবার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীদের স্মরণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের অবস্থান শীর্ষে। জাতিসংঘ শান্তিরক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যগণের পেশাদারিত্ব, সাহসিকতা, নিষ্ঠা ও সততার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে শুক্রবার বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ জার্নাল প্রকাশিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি চ্যানেলে দিবসটি উপলক্ষে বিশেষ টক-শো প্রচারিত হবে। শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বিটিভিসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামী ৩১ মে সকালে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ‘পিস কীপার্স রান’ এর আয়োজন করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান এবং জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমসমূহ ডিজিটাল ডিসপ্লে প্যানেলের মাধ্যমে নান্দনিকভাবে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।