মিনিটে একের বেশি ভোট পড়লেই কারচুপি : ইসি
আগামী নির্বাচনগুলোতে কোনো বুথে এক মিনিটে একটির বেশি ভোট পড়লে তা কারচুপি হিসেবে গণ্য করবে নির্বাচন কমিশন (ইসি)। সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর আসন্ন মাগুরা-১ উপ-নির্বাচন সামনে রেখে প্রতি ঘণ্টার ভোটের হার জানতে ঢাকায় মহড়া করেছে ইসি। মাগুরায় এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআিই) একটি কক্ষে মাগুরা-১ আসনের চারটি প্রতীকে নমুনা ব্যালট পেপারে ভোটের মহড়া হয়। এই মহড়ায় দেখা গেছে, প্রতি মিনিটে সর্বোচ্চ একটি ভোট পড়ে। এর বেশি ভোট পড়লেই তাতে কারচুপি হচ্ছে বলে সন্দেহ তৈরি হবে।
এ সময় ইটিআই মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমান বলেন, ইসির নির্দেশ অনুযায়ী দুই ঘণ্টায় সাধারণ কত ভোট পড়ে তা জানতেই এ মহড়া করা হয়। দেখা গেছে, প্রথম ঘণ্টায় বিরতিহীনভাবে ৭১ ভোট, দ্বিতীয় ঘণ্টায় ৮১ ভোট পড়েছে। কোনো ঝামেলা ছাড়াই প্রতিঘণ্টায় গড়ে ৭৬ ভোট পড়েছে বলা যায়। এক্ষেত্রে প্রতিটি ভোটের জন্য ব্যয় হয়েছে এক মিনিটের সামান্য কম সময়। তাই প্রতি মিনিটে একটির বেশি ভোট পড়লেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে ধারণা করা যাবে। এই মহড়ার ফলাফল ইটিআই বুধবারই ইসিতে দিয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, এনপিপি, বিএনএফ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী রয়েছেন।
এইচএস/এসএইচএস/আরএস/আরআই