২০৩০ সালের মধ্যেই ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৮ মে ২০১৫

আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রস্তাবিত সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ।   

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং মো. তাজুল ইসলাম অংশ নেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং আইএমইডি’র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রেক্ষিত পরিকল্পনা মোতাবেক ২০১০-২০২১ সালের মধ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ হাজার মেগাওয়াট। প্রস্তাবিত সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে সঞ্চালন লাইনের পরিমান ১৩ হাজার সার্কিট কিলোমিটার ২০৩০ সালের মধ্যে সঞ্চালন লাইনের পরিমান ২০ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এদিকে বৈঠকে দেশব্যাপী বৃদ্ধাশ্রম নির্মাণ নিয়ে আলোচনা হয়। কমিটি উপজেলা পর্যায়ে আর্থ-সামাজিক প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলায় সরকারি অর্থে অসহায় বৃদ্ধদের জন্য একটি করে বৃদ্ধাশ্রম প্রকল্প গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। বৈঠকে কৃষি ভিত্তিক মধ্যম ও ছোট মানের শিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া গভীর সমুদ্র বন্দরে টার্মিনাল নির্মাণ করে অপচয় ও খরচ রোধ কল্পে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।