শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি করেছে
বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের অনন্য অবদানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘের ভাবমূর্তিও সমুন্নত করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা গর্বিত যে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরণ করে বাংলাদেশের অবস্থান আজ শীর্ষে। এটা বাংলাদেশী শান্তিরক্ষীদের যোগ্যতা ও আন্তরিক কর্মদক্ষতার ফলেই অর্জিত হয়েছে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্বশান্তি ও সম্প্রীতি স্থাপনে আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছে।
রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীদের স্মরণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৫` যথাযথভাবে পালিত হচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত।
এ উপলক্ষে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ মহান দিনে তিনি শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বশান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আগামী দিনগুলোতেও তাদের অবদানের এই ধারা অব্যাহত রাখবে।
এসকেডি/আরআই