ডেমরায় অপহৃত তরুণী উদ্ধার : আটক ২


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৯ মে ২০১৫

ঢাকা জেলার গেন্ডারিয়া এলাকা থেকে অপহৃত অটিস্টিক তরুণী মেঘলাকে (১৯) উদ্ধার ও অপহরণের সাথে জড়িত অভিযোগে রাজধানীর ডেমরা এলাকা থেকে ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।
 
আটককৃতরা হলেন, নজরুল (২৬), ইলিয়াস (২৮)। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ডেমরার বক্সনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর স্পট কমান্ডার (সিপিসি-১) এএসপি রাফেলুর রহমান।
 
তিনি জাগো নিউজকে জানান, অটিস্টিক তরুণী মেঘলা অপহরণের ঘটনায় ঢাকা জেলার গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর র‌্যাব-১০ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অপহৃতসহ অপহরণকারীরা ডেমরা এলাকায় অবস্থান করছে।
 
ওই খবরে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ডেমরার বক্সনগর এলাকা থেকে তাদের আটকপূর্বক ওই অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।