হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মনটু গ্রেফতার


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৯ মে ২০১৫

রাজধানীর হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারের হত্যার কুখ্যাত নায়ক কর্নেল ফারুকের বডিগার্ড সন্ত্রাসী ফ্রিডম মনটুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির এই শীর্ষ নেতাকে হাজারীবাগ থানা পুলিশ গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম শুক্রবার জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জরিনা শিকদার মেডিকেল কলেজ এলাকা থেকে সন্ত্রাসী ফ্রিডম মনটুকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল হাজারীবাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে হাজারীবাগ থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আশরাফুর রহমান রিগানকে হত্যা চেষ্টা করেন ফ্রিডম মন্টু। আওয়ামী লীগ নেতা রিগানকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে হাজারীবাগ থানায় মামলা করতে রওনা হয়েছেন বলে জানা গেছে।

আহত রিগান জানান, বিকেলে অফিস শেষে বাসায় ফিরছিলাম। পথে জরিনা শিকদার মেডিকেল কলেজের কাছে আসলে সন্ত্রাসী ফ্রিডম মনটু এবং তার দেহরক্ষীরা আমার ওপর হামলা করে। পরে খবর পেয়ে হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম পুলিশসহ গেলে তারা পুলিশকে লক্ষ করে গুলি করতে থাকে।

এ সময় ফ্রিডম মনটু এবং তার দেহরক্ষী কামরুল, জুবায়ের, শাকিল, আজাদ এবং আহমেদ খান গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি করে। এতে পুলিশ পিছু হটে গেল থাকলে র্যাবের টইল টিম ঘটনাস্থলে আসে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফ্রিডম মনটুকে আটক করে।

ওসি কাজী মাইনুল ইসলাম আরো জানান, ভোরে হাজারীবাগ থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আশরাফুর রহমান রিগান একটি হামলার মামলা দায়ের করেছেন। সে মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে ফ্রিডম মনটুকে।

থানা পুলিশ ও সংশ্লিষ্ট এলাকাবাসী সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারের হত্যার নায়ক কর্নেল ফারুকের বডিগার্ড এবং নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির নেতা শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মনটু। ১৯৮৯ সালে ঢাকার ধানমণ্ডি এলাকায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গ্রেনেড হামলার মূল নায়কও মনটু।

তার বাসায় একাধিক বার ফাঁসি হওয়া কর্নেল ফারুককে দেখা গেছে। এলাকাবাসী রোববার ফ্রিডম মনটুর ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।