রোববার বিশ্ব তামাকমুক্ত দিবস


প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩০ মে ২০১৫

বিশ্ব তামাক মুক্ত দিবস রোববার। `তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ কর` এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারী ও বেসরকারী পর্যায়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা এবং ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে সরকারী পর্যায়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংশোধিত আইনের বিধিমালা অনুযায়ী আগামী বছরের মার্চ থেকে তামাকজাত দ্রব্যর মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দিতে হবে, যা তামাকের ক্ষতিকর বিষয়ে মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন , একইসঙ্গে বিড়ি ও সিগারেটের খুচরা বিক্রি বন্ধ, খোলা সাদা পাতা বিক্রি নিষিদ্ধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের উদ্যোগও নেওয়া হবে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের একটি গবেষণার বরাতে তিনি জানান, তামাক খাতে সরকার বছরে প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা আয় করলেও তামানজনিত রোগের চিকিৎসা, অকাল মৃত্যু ও পঙ্গুত্বের কারণে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ক্ষতি হয়। এ খাতে নীট ক্ষতির পরিমাণ দুই হাজার ৬০০ কোটি টাকা।

এদিকে দেশের সব জেলায় এবার সরকারী উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হবে। ইতিমধ্যে সব জেলার প্রশাসক ও সিভিল সার্জনদের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।