জঙ্গিবাদ দমনে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩০ মে ২০১৫

উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে সরকারকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব:) শওকত আলী ।

শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘উগ্রধর্মীয় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, সাম্প্রদায়িক মৌলবাদ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদী তৎপরতার সাথে নতুন করে যুক্ত হয়েছে আইএস (ইসলামিক স্টেট)। এই ধর্মীয় মৌলবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।

দলের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

শওকত আলী বলেন, সরকারের কঠোর অবস্থানের ফলে হেফাজত নামের ‘নিকৃষ্ট জীব’ আপাত: নিষ্ক্রীয় আছে। এরা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেজন্য সরকারকে আরো সক্রিয় হতে হবে।

ডা. সারোয়ার আলী বলেন, আন্তর্জাতিক চাপ থাকা সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রেখে এবং রায় কার্যকর করে যে সাহসিকা ও কঠোরতার পরিচয় দিয়েছেন, আমরা মনে করি জঙ্গিবাদ দমন ও মুক্তচিন্তার মানুষদের হত্যার বিচারেও তিনি তেমনি কঠোর পদক্ষেপ নেবেন।

অজয় রায় বলেন, প্রগতিশীল গণতান্ত্রিক বাম রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সময় এসেছে সম্মিলিতভাবে মৌলবাদকে মোকাবেলা করার। না হলে জাতিকে চরম মূল্য দিতে হবে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।