ব্র্যাকের বৃত্তির আবেদন করবেন যেভাবে


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ৩১ মে ২০১৫

ব্র্যাক শিক্ষা কর্মসূচির মেধাবিকাশ উদ্যোগের আওতায় অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করার জন্য এইচএসসি পর্যায়ে বৃত্তি প্রদান করে আসছে। ২০১৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের নিয়মাবলি :
আবেদনকারীর জীবনবৃত্তান্ত, সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদত্ত প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং বাবা/পরিবার প্রধানের পেশা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র অবশ্যই ১৫ জুন, ২০১৫ তারিখ বিকেল ৫টার মধ্যে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে অথবা http://e-education.brac.net/ এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

ব্র্যাকের স্থানীয় অফিস কর্তৃক আবেদনকারীর পরিবার প্রধানের পেশা যাচাই করা হবে। কেবল বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। তথ্যে কোনোরকম গরমিল থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মেধাবিকাশ উদ্যোগ, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, ব্র্যাক সেন্টার (১০ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।

ব্র্যাক শুধু বৃত্তির অর্থই প্রদান করে না বরং একজন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সফল করার জন্য ইংরেজি ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, নিয়মিত পর্যালোচনা সভার আয়োজন ও নিবিড় তত্ত্বাবধানের ব্যবস্থা করে থাকে। এ ছাড়া এইচএসসি পরীক্ষা-পরবর্তী সময়ে প্রাক-বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা ও স্নাতক পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করে।

আবেদনের শর্তাবলি :
১. বাবা/পরিবারের প্রধান শ্রমজীবী ও অনূর্ধ্ব ৫০ শতাংশ আবাদি জমির মালিক।
২. শুধু ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত (চতুর্থ বিষয় ব্যতীত)।
৩. ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে কোর্স সমাপনকারী এবং মেয়ে, আদিবাসী ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।