আইএসের বাংলাদেশ সহ-সমন্বয়ক গ্রেফতার
রাজধানীর বারিধারা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) বাংলাদেশের সহ-সমন্বয়ককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে বারিধারার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম টিম।
গ্রেফতারকৃতের নাম আব্দুল্লাহ আল গালিব। তিনি আব্দুল্লাহ রাইস খোকন নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজরের ছেলে। তার বাড়ি যশোরে। বর্তমানে গালিব আতরের ব্যবসা করেন।
গ্রেফতারের সময় গালিবের কাছ থেকে একটি পাসপোর্ট, চারটি হার্ডডিস্ক, দুটি পোর্টেবল হার্ডডিস্ক, ১০টি সিডি, ১০টি সিডির কভার, ক্রিম রংয়ের একটি টুপি, একটি সিপিইউ ও ৪৩টি জিহাদি বই জব্দ করে পুলিশ।
রোববার ডিবির (উত্তর) উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, গালিব ইন্টারনেটে আইএসের সহ-সমন্বয়ক হিসেবে বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করে আশ্রয়, সশস্ত্র ও কারাতে প্রশিক্ষণ দিতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বারিধারা থেকে তাকে গ্রেফতার করার সময় তিনি আনসারুল্লাহ বাংলা টিমের ১০-১২ জনের সঙ্গে বৈঠক করছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। গালিব আইএসআইএসের পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমেরও সহ-সমন্বয়কও বলে জানান নাজমুল আলম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের গালিব জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এআর/বিএ/এমএস