আপনারা সংসদে আসুন : টিআইবি কর্মকর্তাদের রওশন
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মতো লোক পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক।
জাতীয় সংসদের শপথ কক্ষে রোববার সকালে বিরোধী দলের নেতার সঙ্গে টিআইবির ‘প্রাক-বাজেট আলোচনায়’ রওশন এ আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বিষয়ে তাদের সুপারিশ তুলে ধরেন।
প্রাক-বাজেট আলোচনায় টিআইবি সকল প্রকার সরকারি ক্রয়, কর সংগ্রহ অনলাইন ভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন, থোক বরাদ্দ নিরুৎসাহিতসহ ১১ দফার সুপারিশ তুলে ধরে।
এ সময় ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক জবাদিহিতা, বৈষম্য নিরসন তথা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা অপরিহার্যতা উপেক্ষা করে উন্নয়ন ও মধ্যম আয়ের দেশের তালিকাভূক্তির স্বপ্ন আপাত দৃষ্টিতে সম্ভব বিবেচিত হলেও স্থায়িত্বের সম্ভাবনার মাপকাঠিতে তা স্বপ্ন হিসেবে রূপান্তরিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিরোধী দল বলতে যা বোঝায় তা এ সংসদে নেই। সংসদে সরকারি দল রয়েছে।
জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কিনা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, সেটি পারবে কিনা, বিরোধী দল প্রমাণ করবে। যারা বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে বা যাদের বিরোধী দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করা চেষ্টা করবে। সেটা আমরা আশা করবো। তবে কথাটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, বর্তমান বিরোধী দল এক ধরণের আত্মপরিচয়ের সঙ্কটে আছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই উপর। তারা তাদের ভূমিকার মাধ্যমে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারে। যদি বাজেটের ওপর বিষয়কেন্দ্রিক আলোচনা সক্রিয় অংশ গ্রহণ করতে পারেন তারা। দেশবাসীকে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধী দলের ভুমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারণা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।
টিআইবির মন্তব্য সম্পর্কে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে, আমাদের ভূমিকা নিয়ে তারা কোনও সন্দেহ করেনি। উনাদেরকে আমরা বলেছি, আমরা অতীতে যে কাজগুলো করেছি... রাজশাহী, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতিটি যে ঘটনা ঘটেছে সেগুলো আমরা তুলে ধরেছি।
আলোচনায় অন্যান্যের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও শওকত চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া টিআইবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, এসএম রেজওয়ান উল আলম, রফিকুল হাসান, জাকির হোসেন খান।
এইচএস/এএইচ/এমএস