এক হাজার টাকা দরে ধান ক্রয়ের দাবি
কৃষি-কৃষক-ক্ষেতমজুর বাঁচাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক সমিতি-ক্ষেতমজুর সমিতি-সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফন্টের যৌথ উদ্দ্যগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, কৃষকের কাছ থেকে এক হাজার টাকা মণ দরে ধান ক্রয় ও ক্ষেতমজুরসহ গ্রামের দরিদ্র মানুষের জন্য পল্লী রেশন ও ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ চালু করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, ধানের ফলন বাম্পার হলেও কৃষকরা ধানের উৎপাদিত মূল্য পাচ্ছে না। তাই অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে এক হাজার টাকা মণ দরে সরকারকে ধান ক্রয় করতে হবে।
কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, ক্ষেতমজুর সমিতির নির্বাহী সদস্য মোতালেব হোসেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা নিখিল দাস প্রমুখ।
আরএস/আরআই