বৈঠকে মোদি-মমতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্থলসীমান্ত চুক্তির দলিল বিনিময়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে একটি ঘরোয়া আলোচনা শুরু হয়েছে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে তিস্তার পানিবন্টন সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হবে। সূত্রে জানা যায়, আজ তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে এর সমাধান যাতে দ্রুত হয় তার দিক-নির্দেশনা মিলতে পারে এ বৈঠকে। সম্ভব হলে এ দিনই তিস্তা সংক্রান্ত একটি প্রাথমিক খসড়া রচিত হতে পারে এবং কিছুদিনের মধ্যেই দুই দেশের অনুমোদন পেতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে শনিবার সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে বিমান থেকে নেমে আসেন মোদি। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
নরেন্দ্র মোদীর সফরের একদিন আগেই শুক্রবার রাতে ঢাকায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওইদিন রাত ৮টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মমতা।
নরেন্দ্র মোদী ও তার সফরসঙ্গীরা ঢাকার সোনারগাঁও হোটেলে উঠেছেন। তবে সফরসঙ্গী হলেও এই হোটেলে ওঠেননি মমতা ব্যানার্জি। তিনি তার সঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে উঠেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষেই তিনি সরাসরি হোটেলে চলে যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে নরেন্দ্র মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে এসেছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার এক দিন আগে। এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না—এটি নিশ্চিত হয়েই ঢাকায় এসেছেন মমতা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তার পানি চুক্তিতে আপত্তি থাকলেও দুই দেশের সম্পর্কোন্নয়নে কিছু ঘোষণা আসতে পারে মোদি ও মমতার পক্ষ থেকে।
একে/আরআই