বাবর আলী

‘পর্বতচূড়ায় লাল-সবুজ পতাকা হাতে কেউ দাঁড়ালে দেশটাও যেন একটু ওপরে ওঠে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ মে ২০২৬
পর্বতারোহী বাবর আলী, ছবি: ভার্টিক্যাল ড্রিমার্স

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। গত ২ মে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গ স্পর্শ করেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করেন তিনি। মাকালু জয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এই পর্বতারোহী বলেন, প্রতিটি পর্বতচূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের কেউ দাঁড়ালে দেশটাও যেন একটু ওপরে ওঠে।

শনিবার (১৭ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর আলী। অনুষ্ঠানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, এ বছর তার লক্ষ্য ছিল বিশ্বের নবম উচ্চতম শৃঙ্গ নাঙ্গা পর্বত আরোহণ করা। তবে অর্থসংকটসহ নানা কারণে শেষ মুহূর্তে তিনি মাকালুকে বেছে নেন।

তিনি বলেন, এর আগে কয়েকটি আটহাজারি শৃঙ্গ আরোহণ করেছি। কিন্তু মাকালুর মতো ভয়ংকর ঠান্ডা আর বাতাসের মুখোমুখি কোথাও হতে হয়নি। এখানে কাটানো প্রতিটি মিনিটই ছিল কঠিন।

এই অভিযানে একাধিক দুর্ঘটনার কথাও তুলে ধরেন বাবর। তিনি বলেন, চূড়া থেকে নামার পথে তুষারধসে পড়ে আমার আমেরিকান বন্ধু শেলি জোহানসেন মারা গেছেন। আরেক বন্ধু রাশিয়ান কন্সট্যান্টিন তুষারক্ষতের কারণে হাত-পায়ের কয়েকটি আঙুল হারিয়েছেন। সব মিলিয়ে এই অভিযানের অনুভূতি মিশ্র।

jagonews24.com

তবে, প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের পতাকা হাতে শিখরে ওঠার অনুভূতিকে বিশেষভাবে তুলে ধরেন তিনি। বাবর বলেন, প্রতিটি পর্বতচূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের কেউ দাঁড়ালে দেশটাও যেন একটু ওপরে ওঠে। আমি চাই, একদিন ১৪টি আটহাজারি শৃঙ্গের সবগুলোতেই বাংলাদেশের পতাকা ওড়াতে।

অনুষ্ঠানে বাবরের অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ভিজুয়াল নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম।

ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান বলেন, মাকালুতে বাংলাদেশের পতাকা ওড়ানো জাতি হিসেবে আমাদের জন্য গর্বের। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাবর ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দিতে পারবেন।

গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর আলী। কয়েক ধাপে অভিযোজন শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহন শুরু করেন তিনি। ক্যাম্প-৩ থেকে মধ্যরাতে যাত্রা শুরু করে টানা বিপজ্জনক আরোহন শেষে ২ মে ভোরে পৌঁছে যান শিখরে।

২০১৪ সাল থেকে পর্বতারোহণে যুক্ত বাবর আলী এর আগে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলু জয় করেছেন। ২০২৫ সালে অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে প্রথম বাংলাদেশি হিসেবেও কৃতিত্ব গড়েন তিনি।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।