অবশেষে খালেদা-মোদির স্বস্তির বৈঠক
চমৎকার পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোদি-খালেদার বৈঠক শেষে বিকেল ৫টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ড. মঈন খান জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে। সার্কের পরিমণ্ডলের বিষয়েও আলাপ হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের উপস্থিতি ও অস্তিত্ব না থাকলে দেশের উন্নয়ণ সম্ভব হবে না বলে মোদির সঙ্গে তাদের কথা হয়। বিরোধী দলের উপর অত্যাচার অনাচার করা হচ্ছে বলেও মোদিকে অবহিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিয়ষটি বৈঠকে উঠে এসেছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।
বর্তমানে দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় বসে আছে বলেও মোদিকে অবহিত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ভারত বড় গণতান্ত্রিক দেশ এবং তাদের গণতন্ত্রও অনেক শক্তিশালী। কিন্তু আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। এটার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। তা না হলে গণতান্ত্র অস্তিত্ব সংকটে পড়বে।
বিএনপিকে নিয়ে মোদি কিছু বলেছে কিনা সাংবাদিকদের এরকম প্রশ্নের জবাবে ড. মঈন বলেন, মোদি সংবাদ সম্মেলন করলে তার কাছ থেকে জেনে নিবেন।
এদিকে শুরুর দিকে খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত মোদির সাক্ষাৎ পেলেন বিএনপি চেয়ারপারসন। এ নিয়ে সংগঠনটির মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানা গেছে।
এমএম/একে/আরআইপি