জুরাইনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীর জুরাইনে কদমতলী এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও পরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম(২৩)।
তিনি কদমতলীতে ডেকোরেশনের ব্যবসা করে আসছিলেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার হুগলিনগর গ্রামে।
নিহতের পরিবারের দাবি, চাঁদার টাকা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
নিহতের ভাই হারুনুর রশিদ জানান, রোববার রাত দেড়টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে জুরাইন কদমতলী থানা এলাকার বাসায় ফিরছিলেন ইব্রাহিম। পথিমধ্যে স্থানীয় সন্ত্রাসী মো. হাবু ও শুক্কুরসহ উৎপেতে থাকা ৪/৫ মিলে ইব্রাহিম আটক করে বেধরক মারধর করে। এরপর গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের দেয়া খবরে ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও জানান, গত সপ্তাহ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন সন্ত্রাসীরা। এজন্য ইব্রাহিম কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিখেছেন। এঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা, দাবি করেন তিনি।
এব্যাপারে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, থানায় জিডি করা হয়েছিল কিনা তা সঠিক বলতে পারছি না। তবে ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এই ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে ইব্রাহিমকে মেরে ফেলা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেইউ/এআরএস/এমএস