চিকিৎসকদের ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে বিএমডিসি
সাময়িক সনদপত্র সংগ্রহের হিড়িক পড়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি)। সদ্য এমবিবিএস পাশ করা নবীন চিকিৎকরা বিভিন্ন মেডিকেল কলেজে ইন্টার্নশীপ শুরু করতে প্রতিদিন সাময়িক সনদপত্র সংগ্রহে রাজধানীর বিজয়নগরের বিএমডিসি ভবনে ভীড় করছেন। তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। গত কয়েক দিন বিএমডিসি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, প্রচলিত নিয়মানুসারে পাশ করার পর প্রত্যেক নবীন চিকিৎসককে বিভিন্ন মেডিকেল কলেজে এক বছরের ইন্টার্নশীপ করতে হয়। কিন্তু শর্ত হিসেবে তাদের প্রত্যেককে বিএমডিসি থেকে বাধ্যতামূলকভাবে সাময়িক সনদপত্র গ্রহণ করতে হয়। সনদপত্র জমা ছাড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন চিকিৎসককে ইন্টার্নশীপের সুযোগ দিতে পারে না।
বিএমডিসির প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই মাসেরও কম সময়ে সাময়িক সনদ সংগ্রহের জন্য তিন সহস্রাধিক আবেদনপত্র জমা পড়েছে। এক দিনে সর্বোচ্চ ৭০০ আবেদনও জমা পড়েছে। নবীন চিকিৎসকরা ছাড়াও ইতিমধ্যেই যারা ইন্টার্নশীপ শেষ করেছেন তারাও স্থায়ী সনদপত্র সংগ্রহের জন্য আসছেন। 
সাময়িক ও স্থায়ী উভয় প্রকার সনদপত্রের আবেদন গ্রহণ, তৈরি ও তা বিতরণ করতে গত একমাস ধরে বিএমডিসির কর্মকতা-কর্মচারীরা নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরে অফিস করছেন।
বিএমডিসির রেজিষ্ট্রার ডা. জাহেদুল হক বসুনিয়া জাগো নিউজকে জানান, নতুন চিকিৎসকদের সাময়িক সনদ মেডিকেল কলেজে দাখিল করার বিধান থাকলেও এগুলো তৈরিতে সময় লাগে।
এ কারণে আমরা সাময়িক সনদপত্র আবেদনের রশিদ দেখিয়ে নবীন চিকিৎসকরা যেন ইন্টার্নশীপ শুরু করতে পারে এ ব্যাপারে বিএমডিসি থেকে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
এমইউ/এআরএস/এমএস