যুদ্ধাপরাধ মামলায় হাসান আলীর রায় মঙ্গলবার
মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধেী অপরাধের মামলায় পলাতক সৈয়দ হাসান আলীর রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ২০ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের জন্য অপেক্ষমাণ রেখে মামলাটি সিএভিতে রেখে দেন।
উল্লেখ্য, পলাতক হাসান আলীর বিরুদ্ধে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায়। একাত্তরে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় ছিলেন। তাড়াইল থানার রাজাকার কমান্ডার এবং ‘রাজাকার দারোগা’ নামে পরিচিত ছিলেন তিনি।
গত বছরের ৭ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। ১৯ জুন তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তদন্তকালে ৬০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেয়া হয়।
বিএ/এমএস