বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৮ জুন ২০১৫

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সড়কপথে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচলের জন্য বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার দেশের মধ্যে ‘বিবিআইএন মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোটরযান চুক্তি সই হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ভবিষ্যতে চার দেশের সম্মতিতে এই যোগাযোগে অন্য যেকোনো দেশের যুক্ত হওয়ার সুযোগও চুক্তিতে রাখা হয়েছে।

তিনি বলেন, চুক্তির খসড়া অনুযায়ী চার দেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথে কোনো যাত্রী বা মালামাল তোলা যাবে না। যে দেশের ওপর দিয়ে যানবাহন চলবে, সেই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তা সার্চ ও ইন্সপেকশন করতে পারবে। কোনা দেশে যদি একটি পণ্য নিষিদ্ধ থাকে তাহলে সেই দেশের ওপর দিয়ে সেই পণ্য পরিবহন করা যাবে না বলেও চুক্তির খসড়ায় রয়েছে।

তিনি আরো বলেন, তিন বছর পরপর এ চুক্তি নবায়ন হবে। তবে কোনো দেশ চাইলে ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পাররে। চুক্তির আওতায় যান চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশ নিজেদের নির্ধারিত হারে ‘ট্রানজিট মাশুল’ আদায় করবে বলে জানান তিনি।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।