বাড়ছে ভূমি উন্নয়ন কর


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১০ জুন ২০১৫

দুই দশক পর দ্বিগুণ হচ্ছে ভূমি উন্নয়ন কর। এজন্য  সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়। এতে বিদ্যমান ভূমি উন্নয়ন কর ২৫ বিঘার উপরে শতক প্রতি ৫০ পয়সা এবং ১০ একরের উপরে শতকপ্রতি ১ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।  এছাড়া ভূমিকর নির্ধারণে ছয়টি ধাপে বিদ্যমান দুই শ্রেণী কাঠামো ভেঙে তিনটি করা হয়েছে। অর্থাৎ বাণিজ্যিক ও শিল্পকে এবার পৃথক করে দুটি এবং আবাসিক ও অন্যান্য শ্রেণীকে আগের মতোই রাখা হয়েছে।

বাণিজ্যিক :
এখানে ক থেকে চ পর্যন্ত ৬টি ধাপ করা হয়েছে। এর মধ্যে ক ধাপে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা জমির জন্য প্রতি শতকে বর্তমানে কর দিতে হয় ১২৫ টাকা। এটা বাড়িয়ে ৩০০ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খ থেকে চ ধাপ পর্যন্ত অন্যান্য সিটি করপোরেশনভুক্ত এবং পৌর এলাকা ও পৌর এলাকা ঘোষিত হয়নি এমন সব এলাকার জন্য বিদ্যমান সর্বোচ্চ কর ১২৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা এবং সর্বনিম্ন কর ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণের জন্য বলা হয়েছে।

শিল্প :
শিল্পকে এবার বাণিজ্যিক শ্রেণী থেকে পৃথক করা হয়েছে। ছয়টি ধাপের মধ্যে ক ধাপে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা জমির জন্য প্রতি শতকে বর্তমানে কর দিতে হয় ১২৫ টাকা। এটা বাড়িয়ে ১৫০ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খ থেকে চ ধাপ পর্যন্ত অন্যান্য সিটি করপোরেশনভুক্ত এবং পৌর এলাকা ও পৌর এলাকা ঘোষিত হয়নি এমন সব এলাকার জন্য বিদ্যমান সর্বোচ্চ কর ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং সর্বনিম্ন কর ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণের জন্য বলা হয়েছে।

আবাসিক :
ছয়টি ধাপের মধ্যে ক ধাপে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আবাসিক জমির কর শতকপ্রতি ২২ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া খ থেকে চ ধাপ পর্যন্ত অন্যান্য সিটি করপোরেশনভুক্ত এবং পৌর এলাকা ও পৌর এলাকা ঘোষিত হয়নি এমন সব এলাকার জন্য বিদ্যমান আবাসিক জমির সর্বোচ্চ কর ২২ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, দুই দশকে জীবনযাত্রার ব্যাপক মানোন্নয়ন ঘটেছে। বিশ্বের অন্যান্য দেশে ভূমি উন্নয়ন কর যুগোপযোগী করা হয়েছে। এখন আমরা জনগণ ও শিল্প প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে ভূমি উন্নয়ন কর যুগোপযোগী করতে যাচ্ছি।  

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।