হাসপাতালে হামলার শিকার সেই চিকিৎসককে দেখতে ঢামেকে মনোয়ারুল কাদির বিটু
শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে গুরুতর আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বর্তমানে আহত চিকিৎসক ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
রোববার (১৭ মে) ডা. বিটু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ডা. নাসিরের খোঁজখবর নেন।
জানা গেছে, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে ডা. নাসিরের চিকিৎসার খোঁজ নেওয়ার পর ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের ওপর শারীরিক হামলা শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, বরং দীর্ঘমেয়াদি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।
এসময় ডা. মনোয়ারুল কর্তব্যরত চিকিৎসকদের প্রতি ডা. নাসিরের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানান।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহত চিকিৎসকের সহধর্মিণী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।
পরে ডা. মনোয়ারুল আহত চিকিৎসকের চিকিৎসার সার্বিক বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান, এসওএসবির সদস্য সচিব ডা. আহমেদ সামি আল হাসান, ডা. মাসুদ রানা, অধ্যাপক ডা. শাদরুল আলম, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মাহমুদ আলী বাবু, ডা. মিনার হোসেন, ডা. সামিউর রহমান সামী, ডা. মেহরাব হোসেন, ডা. জামশেদ তুষার, ডা. জাহিদ হাসান, ডা. রুম্মান খান, ডা. মামুন, ডা. হাফিজুর রহমান, ডা. রাজিব হাসান, ডা. হারুন অর রশীদ, ডা. আশীক ও ডা. রাহাতসহ আরও অনেকে।
কেএইচ/এমকেআর