উত্তরায় মানবপাচারকারী আটক
রাজধানীর উত্তরা থেকে জসিম উদ্দিন নামের এক মানবপাচারকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর উত্তরা ৭নং সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা স্টিকার ও জাল টিকিট উদ্ধার করা হয়।
ডিএমপি আরো জানায়, আটককৃত জসিম উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে সাগর পথে ও আকাশ পথে মানবপাচার করার কথা স্বীকার করেছে। মো. আকবর নামের একজনকে মালয়েশিয়া ও লিবিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে কয়েক দফায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিএমপি।
এআর/আরএস/আরআইপি