সরকার জঙ্গিবাদ দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল প্রকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে যুক্তরাষ্ট্র, প্রতিবেশী দেশ এবং বন্ধু প্রতীম অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে ডেমোক্রেট কংগ্রেসম্যান মাইকহোন্ডার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এবং শুক্রবার প্রাপ্ত এক বার্তায় এ খবর বলা হয়।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশে জঙ্গিবাদ নির্মূল এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির উল্লেখ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে বলেন, বর্তমান সরকারের সংগ্রাম হচ্ছে দেশে জঙ্গিবাদ, মানবতাবিরোধী অপরাধ এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে।
রাষ্ট্রদূত আরো বলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশে জীবনযাত্রার মান উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মূল নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করার পর একটি সামরিক সরকারের ছত্রছায়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী গঠিত হয়েছিল। ১৯৭৫ পরবর্তীতে সামরিক শাসক জাতির পিতার খুনিদেরকে এবং রাজনীতিতে ধর্মীয় ও স্বাধীনতা বিরোধী শক্তিকে পর্যায়ক্রমে পুনর্বাসিত করেছে।
আরএস