একনেকে যাচ্ছে উন্নয়ন ও সংস্কারের ২০ কোটি টাকার প্রকল্প


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৮ জুন ২০১৫

প্রতিটি নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ২০ কোটি টাকার প্রকল্প একনেকে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সরকারী দলের সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি নির্বাচনী এলাকাভিত্তিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য ২০ কোটি টাকার স্কিম অন্তভুক্ত করে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ নামে নতুন একটি প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় আছে। ইতোমধ্যে এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে। অতিসত্ত্বর একনেক সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সর্বশেষ জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশের ৯৭ ভাগ মানুষ স্যানিটেশন সুবিধা গ্রহণ করেছে। তার মধ্যে ৫৬ শতাংশ মানুষ উন্নত স্যানিটেশনের আওতায় আছে।

তিনি আরো জানান, বর্তমানে দেশের ৮৯ ভাগ মানুষ নিরাপদ পানি সরবরাহ সুবিধা ভোগ করছে। এরমধ্যে গ্রামীণ এলাকায় ৮৮ ভাগ ও শহর এলাকায় ৯০ ভাগ।

সরকারি দলের আরেক সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ৫ বছরে পল্লী অবকাঠামো উন্নয়নে ৫ বছরে দ্বিগুণ হয়েছে। ২০০৯-১০ অর্থ বছরে এলজিইডি’র মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে বরাদ্দ ছিলো ৩ হাজার ৯১৯ কোটি ৬২ লক্ষ টাকা। আর ২০১৩-১৪ অর্থ বছরে এই বরাদ্দ বেড়ে দাড়ায় ৬ হাজার ১০৭ কোটি ১১ লক্ষ টাকা।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।