রাজধানীতে পৃথক স্থানে মাদকসহ আটক ৬
রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন, মো. রহিম (৩৮), মো. ইউনুস (৪২), মো. কাশেম (২৯), বেগম রোজিনা (২২), মো. আলী (২৮) ও আনোয়ার হোসেন (৪৫)।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর ফকিরাপুল, বনানী ও সবুজবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রোপলিটন-উত্তর) সহকারী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি জানান, ফকিরাপুলের হোটেল ইসলাম থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম ও ইউনুসকে আটক করা হয়। অন্যদিকে বনানীর কুমিল্লাপট্টির বস্তি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫ হাজার নগদ টাকাসহ কাশেম ও রোজিনাকে আটক করা হয়।
তিনি আরও জানান, সবুজবাগ এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলী ও আনোয়ারকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মো. মঞ্জুরুল ইসলাম।
জেইউ/এসএইচএস/আরআই