মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে অধিক জনশক্তি আমদানির আহ্বান
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি ডক্টর জাহিদ হামিদী ও বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলামের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুলসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের ওপর জোর দেয়া হয়। এসময় জাহিদ হামিদীকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং সৌদি আরব থেকে আনা দাতু হামিদীকে একটি ক্রেস্ট উপহার দেন বাংলাদেশ হাইকমিশনার।
একই সঙ্গে তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির আহ্বান জানান। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে মালয়েশিয়ার বন্ধু প্রতিম রাষ্ট্র বলে অভিহিত করে বলেন, এদেশে বাংলাদেশি শ্রমিকদের অনেক অবদান আছে। মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এটিই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শহীদুল ইসলামের প্রথম বৈঠক ।
হাইকমিশনের লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুল বলেন, সে দেশে বাংলাদেশিদের ভাবমূর্তি উন্নয়ন, মালয়েশিয়ার শ্রম বাজারকে প্রসারিত করতেই মূলত মন্ত্রীর সঙ্গে এ বৈঠক।
এমজেড/এমএস