গাড়ি চুরি চক্রের ৫ সদস্য আটক
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে তুলে নিয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে সিআইডি। এদের মধ্যে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া একজন সদস্যও রয়েছেন। শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম এখন জানানো যাচ্ছে না। তবে রাজবাড়ি, সুনামগঞ্জ ও রাজধানীর মিরপুর থেকে একজন এবং যাত্রাবাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এক্স করোলা গাড়ি উদ্ধার করা হয়।
মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, অপহরণকারী চক্রের বিরুদ্ধে এর আগে ধানমন্ডি, খিলগাও ও নরসিংদীতে মামলা রয়েছে।
বরখাস্ত হওয়া আটককৃত ওই সেনা সদস্যের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে তিনি বলেন, তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর গাড়ি চালাতেন। এভাবেই কয়েকজন সন্ত্রাসীদের সঙ্গে তার পরিচয় হয়।
এরপর তারা গাড়িতে অপহরণ করে ভিকটিমের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। তার রাস্তা থেকে কোন ভিকটিমকে গাড়িতে তুলে প্রথমে সবকিছু কেড়ে নেয়।
পরে দুপাশ থেকে দুজন হাতুরি দিয়ে পিটিয়ে ভিকটিমকে তার পরিবারের কাছে মুক্তিপণের জন্য কল করতে বাধ্য করত। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ভিকটিমকে ছেড়ে দিত তারা।
গ্রেফতারের বরাত দিয়ে তিনি আরো বলেন, তাদের চক্রে মূলত ৬ জন সদস্য রয়েছে। এছাড়াও চুক্তিতে আরো ৫ থেকে ৬ জন তাদের সঙ্গে কাজ করে।
তাদের মূলচক্রে পুলিশ থেকে বরখাস্ত হওয়া একজন এসআই রয়েছেন। বরখাস্ত হওয়া ওই এসআই পলাতক রয়েছেন। এসআই-সহ বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এ সিআইডি কর্মকর্তা।
জেইউ/আরএস/পিআর