সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৯ অক্টোবর ২০১৭

রাজধানীর সবুজবাগ ও ওয়ারী থেকে সারোয়ার-তামিম গ্রুপের মো. গিয়াস উদ্দিন (৩৪) ও মো. লিটন (৩৪) নামে জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দফতর থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাব সদস্যরা ঢাকার সবুজবাগ ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার গিয়াস উদ্দিন রূপগঞ্জ থানার সন্ত্রাস দমন আইনের মামলার (নং-২৭) পলাতক আসামি ও মো. লিটন বন্দর থানার সন্ত্রাস দমন আইনের মামলার (নং-৬৯) পলাতক আসামি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গিয়াসউদ্দিন ২০১২ সালের মাঝামাঝি জসিম উদ্দিন রাহমানির বাবুর্চি হিসেবে কাজ শুরু করে। এ সময় সে জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী বক্তব্য শোনার মধ্য দিয়ে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয়। আরিফ হোসেনের মাধ্যমে সে জেএমবির দাওয়াত প্রাপ্ত হয়ে জেএমবিতে (সারোয়ার-তামীম গ্রুপ) যোগদান করে এবং ‘দাওয়াতি’ কাজ শুরু করে।

এছাড়া গ্রেফতারকৃত লিটন ২০১২ সালে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়। ২০১৫ সালে মুনতাসির নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবির দাওয়াত প্রাপ্ত হয়ে সে জেএমবিতে (সারোয়ার-তামীম গ্রুপ) যোগদান করে ও দাওয়াতি কাজ শুরু করে। ঘন ঘন পেশা ও বাসস্থান পরিবর্তন করে ঢাকার বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতি কাজ করে আসছিল সে।

হোসেন চিশতী সিপলু/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।