গণভোটের রায়-জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবির শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম।

হাফিজুল ইসলাম বলেন, বিএনপি যে গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতায় আসছে সেটি কেন বাস্তবায়ন করছে না? তাদের কি উদ্দেশ্য রয়েছে? দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য রায় দিয়ে দিয়েছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে সেটি বাস্তবায়ন করা। যদি না করেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সংসদে গিয়েছি, আমরা গণভবনে গিয়েছি। আমাদের যদি আবারও আন্দোলন করতে হয়, সেটি গণঅভ্যুত্থান হবে না, সেটি হবে বিপ্লব। সেদিন সংসদ সদস্যরা নয় বিপ্লবীরা গিয়ে সংসদ দখল করবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাকসুর ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ৩৬ জুলাইয়ের পর গণভোটের রায়ে যে দাবি পাস হয়ে গেছে, সেই দাবি বাস্তবায়নের জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। বিএনপি সরকার বিষয়টিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যেন হাসিনা ভালো না, কিন্তু হাসিনার রেখে যাওয়া সেটআপের মধ্যে মধু রয়েছে। তারা ক্ষমতার বাইরে থাকাকালীন সময়ে আমরা দেখেছি, মির্জা ফখরুল কান্না করে বলেন, ‘আজকে আমাদের আর কথাও বলতে দিচ্ছেনা’। অথচ গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করার যে ম্যান্ডেট জনগণ দিয়েছে ক্ষমতায় আসার পর বিএনপি সেটি ভুলে গেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফায় ‘সংস্কার’ শব্দ ব্যবহার করেছে, অথচ তারা ক্ষমতায় আসার পর ‘সংস্কার না সংশোধন’ খেলায় মেতেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, গণভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। সংবিধান যে সংস্কার করতে হবে, এই রায় জনগণ দিয়ে দিয়েছে। জনগণের রায়ের উপর কোনো সংবিধান হতে পারে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার প্রমুখ।

এসএইচ জাহিদ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।