অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী


প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৬ জুন ২০১৫

শুক্রবার ভোর থেকে অবিরাম বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অবিরাম এ বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকায় সৃষ্টি হয়ছে জলাবদ্ধতা। রাজধানীর প্রায় সব এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় কারণে শুরু হয়েছে তীব্র যানজট। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে অফিস ও স্কুলগামীদের।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় হাটু পরিমাণ পানি জমে আছে। এছাড়া অনেক এলাকায় খোঁড়াখুড়ির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

বৃষ্টিতে মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা, পুরানা পল্টন, কাকরাইল, মৌচাক, মালিবাগ শেরেবাংলা নগর, রামপুরা, পরীবাগ, মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, পুরান ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী জানান, ড্রেনেজ ব্যবস্থায় নানা বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে আশপাশের এলাকায় পানি জমে।তবে ঢাকার কোথাও পানি বেশিক্ষণ জমে থাকে না।

অপর এক কর্মকর্তা বলেন, আগে ভারী বৃষ্টি হলে যেখানে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকত, সেখানে এখন অল্প সময় পরই পানি সরে যায়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্বেও ওয়াসা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে বলে জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর একটি লঘুচাপ বিরাজ করছে। এ কারণে আজও দিনভর ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।