আজ বৃষ্টি থামার সম্ভাবনা কম


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৬ জুন ২০১৫

গুঁড়ি গুঁড়ি, ঝিরিঝিরি, রিমঝিম নানা ভঙ্গিমায় দেশজুড়ে চলছে বৃষ্টি। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে। শুক্রবারও তা চলছে থেমে থেমে। টানা এই বৃষ্টি কর্মজীবী মানুষের রুটিনকে করেছে এলোমেলো। আবার কেউ কেউ ঘরে বসে নিচ্ছেন ভরা বর্ষার স্বাদ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের বেশির ভাগ স্থানে কখনো হালকা, কখনোবা ভারী বৃষ্টি হচ্ছে, এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। শুক্রবার বৃষ্টি থামার সম্ভবনা কম। তবে শনিবারের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

সাধারণত প্রতিবছর মে মাসের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ু চলে আসে। এ বছর কিছুটা দেরি করে ১০ জুন মৌসুমি বায়ু দেশের উপকূলীয় অঞ্চলে চলে আসে। এর দিন দশেক পর এটি বেশ সক্রিয় হয়ে ওঠে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু এখন ভীষণ সক্রিয় থাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা গেছে, দেশের উত্তর থেকে দক্ষিণাঞ্চল সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে।  রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ বেলা ১২ বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে আজ ভোর ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮৩ মিলিমিটার।

বৃষ্টি বেশি ভোগাচ্ছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। ২৪ ঘণ্টার চাঁদপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ২৮৮ মিলিমিটার। কক্সবাজারে বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার। উত্তরের জেলা রাজশাহীতে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে বরিশালে ১৩৫, খুলনায় ৫৫, রংপুরে ২৫, চট্টগ্রামে ৮৭ এবং সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি ও মেঘের ঢাকা আকাশের জন্য তাপমাত্রাও বেশ কমে এসেছে। দেশের অধিকাংশ এলাকায়ই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে ২৩ দশমিক ৫ ডিগ্রি, আর বেশি ছিল সিলেটে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, বর্ষাকালে এমন বৃষ্টি হতেই পারে। মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় থাকায় এখন এর মাত্রা বেশি। ২৪ ঘণ্টার আগে অবস্থা উন্নতি না-ও হতে পারে।

# অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

বিএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।