বিজিবি হাসপাতালে নায়েক রাজ্জাক
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে নির্যাতিত ও অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে চিকিৎসার জন্য পিলখানা হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার সকালে তার নাক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, অপহরণের পর বিজিপির সদস্যরা রাজ্জাককে শারীরিক নির্যাতন করে, এতে তার নাকে গুরুতরভাবে জখম নয়। তাই তাকে পিলখানায় বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আরো কয়েকদিন ঢাকায় থাকতে পারেন বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
এর আগে, ১৭ জুন টেকনাফে টহলরত অবস্থায় রাজ্জাককে অপহরণ করে বিজিপি। নির্যাতনের ৯ দিন পর বৃহস্পতিবার তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ১১ টায় রাজ্জাককে ঢাকায় আনা হয়।
এআর/এআরএস/এমএস