রামপালে বিনিয়োগ করবে না ফ্রান্সের ৩ ব্যাংক


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৭ জুন ২০১৫
ফাইল ছবি

ন্যূনতম পরিবেশবান্ধব পরিস্থিতি না থাকার কারণেই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে অসম্মতি জানিয়েছে ফ্রান্সের তিন ব্যাংক। ব্যাংক তিনটি হলো- `ক্রেডিট এগরিকোলি`, ‘সোসিয়েট জেনারেল’ ও `বিএনপি পারিবাস`।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম `গার্ডিয়ান` এক প্রতিবেদনে জানায়, পরিবেশগত ঝুঁকি দেখিয়ে বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত মাসেই ফ্রান্সের তিনটি ব্যাংক বিনিয়োগ করতে অস্বীকৃতি জানায়। একই কারণে ছয় মাস আগে ভারতে এনটিপিসি কোম্পানি থেকে বিনিয়োগের অর্থ তুলে নেয় নরওয়ের দুটি প্রতিষ্ঠান।

ফ্রান্সের `ক্রেডিট এগরিকোলি` ব্যাংকের টেকসই উন্নয়ন বিভাগের প্রধান স্টেনিসলাস পোর্টার জানান, বাংলাদেশের রামপাল প্রকল্পে অসঙ্গতিপূর্ণ  নীতি এবং ঝুঁকির কারণে তারা এতে আর বিনিয়োগ করবেন না।

ফরাসি ব্যাংক `সোসিয়েট জেনারেল`-এর টেকসই উন্নয়ন বিভাগের পরিচালক জ্যঁ মিশেল মেপুই জানান, আমরা বর্তমানে বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের কোনো চিন্তা করছি না।

এদিকে, বিএনপি পারিবাস` নামের আরেকটি ব্যাংকও বিনিয়োগে অস্বীকৃতি জানিয়েছে।

`ব্যাংক ট্রাক` নামে একটি বেসরকারি সংস্থার এক প্রতিবেদনে রামপাল সম্পর্কে বলা হয়, এই প্রকল্পের নকশায় গুরুতর ঘাটতি রয়েছে। প্রকল্পটিতে ন্যূনতম সামাজিক এবং প্রাকৃতিক ঝুঁকির বিষয়ে খেয়াল করা হয়নি। এটি আর্ন্তজাতিক বিনিয়োগ সংস্থার নিয়মের পরিপন্থী।

প্রসঙ্গত,  রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পটি তৈরির জন্য ভারতের রাষ্ট্রীয় সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কোম্পানি `ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন’ (এনটিপিসি)-এর সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে ২০১২ সালে চুক্তিবদ্ধ হয়। আর এ প্রকল্পে বাংলাদেশ-ভারত যৌথভাবে ৩০ শতাংশ, বাকি ৭০ শতাংশ অর্থায়নের কথা রয়েছে।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।