মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৭ জুন ২০১৫

মোবাইল ব্যবহারকারী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটদের রাত্রিকালীন প্যাকেজগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।

জাতীয় সংসদের বৈঠকে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদকে এ তথ্য জানান সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রশ্নকর্তা জানতে চান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এ জন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?

মন্ত্রী বলেন, এই অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয়। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়, তা নয়। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে।

তবে এ সব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে গত মার্চ ২০১৫ তে একটি নির্দেশনা প্রদান করে বিটিআরসি।

এইচএস/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।