রোহিঙ্গাকে ভোটার করার চেষ্টা : শিক্ষকদের বিরুদ্ধে মামলার নির্দেশ
কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাকে ভোটার করতে সহযোগিতার দায়ে এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই জেলার সদর থানার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানের বিরুদ্ধে এই মামলার নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলার সময় ওই শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর জাল করে একজন রোহিঙ্গাকে নিবন্ধন করেন। পরে ওই রোহিঙ্গা ছবি তোলার জন্য ক্যাম্পে গেলে গত বছরের ৩০ অক্টোবর তাকে লাইন থেকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া যায়।
সোমবার নির্বাচন কমিশন তাদের কক্সবাজার কার্যালয়ে ওই শিক্ষকদের বিরুদ্ধে মামলা করতে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে বলেও জানানো হয়।
এইচএস/জেডএ/আরআইপি