হিজড়া খাল সংস্কারে কাতালগঞ্জে জলাবদ্ধতা কমবে: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ মার্চ ২০২৬
খাল সংস্কার ও খননকাজ পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

হিজড়া খাল সংস্কারে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জে জলাবদ্ধতা কমবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কাতালগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে হিজড়া খাল সংস্কার ও খননকাজ চলছে।

শনিবার (২৮ মার্চ) কাতালগঞ্জ এলাকায় খালের সংস্কারকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, গত বর্ষা মৌসুমে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা কমলেও কাতালগঞ্জে পানি জমে ছিল। পরে তিনি নিজে সরেজমিনে পরিস্থিতি দেখে সমস্যার মূল কারণ চিহ্নিত করেন। তিনি বলেন, সাময়িক নয়, স্থায়ী সমাধানের জন্য খালের স্বাভাবিক প্রশস্ততা ফিরিয়ে আনা জরুরি।

চসিক সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে চলমান ৩৬টি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে হিজড়া খালের কাজ চলছে। গোল পাহাড় ও মেহেদীবাগ এলাকা থেকে শুরু হয়ে খালটি চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী-চাক্তাই খালে গিয়ে মিশেছে।

একসময় প্রায় ৩০ ফুট প্রশস্ত খালটি দখলের কারণে অনেক স্থানে ১২ থেকে ১৫ ফুটে সংকুচিত হয়ে পড়ে। বর্তমানে সরকারি নকশা অনুযায়ী খালটি পুনঃপ্রস্থে ফিরিয়ে আনা হচ্ছে।

পরিদর্শনকালে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মেয়র সংশ্লিষ্টদের বর্ষার আগেই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলেও জানান তিনি। এতে সাময়িক ভোগান্তি হলেও দুই থেকে তিন মাসের মধ্যে এলাকা জলাবদ্ধতামুক্ত হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

তিনি আরও বলেন, নগরকে ‘ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।