সুনামের সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা
দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলা সবার আস্থা অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, দেশের গন্ডি পেরিয়ে তারা আন্তর্জাতিক রুটেও সুনামের সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে।
শনিবার কক্সবাজারে লংবিচ হোটেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট অফিসের ঊর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'কাস্টমার সাকসেস সামিট-২০১৮'।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। কক্সবাজার এয়ারপোর্টকে আধুনিক করার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। অত্যাধুনিক টার্মিনাল থেকে ইউকেসহ পৃথিবীর বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে।
বেসরকারি এয়ারলাইন্সের উন্নয়নে মনিটরিং সেল গঠনের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ইউএস-বাংলা নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে পাশাপাশি নতুন নতুন গন্তব্যে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই-কমিশনার বেনিয়ট প্রিফনটেইন বলেন, ইউএস-বাংলা বাংলাদেশের সুনাম বয়ে আনছে দেশের বাইরেও। বেসরকারিখাতে সবচেয়ে বড় এয়ারলাইন্স।
আটাবের সভাপতি মঞ্জুর মোর্শেদ বলেন, অত্যন্ত সুন্দরভাবে দেশে ও দেশের বাইরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব ভালো দিক তবে এ খাতকে আরও এগিয়ে নিতে সরকারের প্রণোদনা বাড়ানো দরকার। ইউনাইটেড এয়ার জেএমজি এয়ার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। কারণ ফুয়েল চার্জ, হ্যান্ডেলিং চার্জ অন্য রাষ্ট্রগুলোর চেয়ে বেশি। এটা কমানো দরকার। অন্যথায় বেসরকারি এয়ারলাইন্স দুর্বল হয়ে পড়বে। দেশি এয়ারলাইন্স টিকিয়ে রাখতে সরকারের উচিত একটি মনিটরিং সেল তৈরি করে সমস্যা খুঁজে তার সমাধান করা।
কাস্টমার সাকসেস সামিট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউএস-বাংলা এয়ারলাইনন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, জিএম কামরুল ইসলাম ছাড়াও বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা।
উল্লেখ্য, শনিবার কক্সবাজারে লংবিচ হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট অফিসের উর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'কাস্টমার সাকসেস সামিট-২০১৮'। এ ধরনের মিলনমেলা বাংলাদেশ এভিয়েশনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এএস/এমআরএম/আরআইপি