বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশের নীতিগত চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬ এর নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি অবৈধ গ্যাস সংযোগ ও চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করবে এবং দেশের বার্ষিক কোটি কোটি টাকার ক্ষতির ঝুঁকি কমাবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, অধ্যাদেশটি অবৈধ সংযোগের সংজ্ঞা বিস্তৃত করেছে। এর মাধ্যমে কেবল সরবরাহ লাইনে অবৈধ সংযোগ নয়, সংশ্লিষ্ট ঠিকাদার বা অন্যের সহায়তায় গ্যাস ব্যবহার করাও অপরাধ হিসেবে ধরা হবে। এ ছাড়া, নন-মিটার গ্রাহকদের দণ্ড ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, যাতে ভবন ও ফ্ল্যাট মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কর্মীদের ক্ষেত্রে আইন কার্যকর করা যায়।
শফিকুল আলম আরও বলেন, গ্যাস লাইন নেওয়ার পর মিটার পরিবর্তন বা লোড ব্যবস্থাপনাকে সহজতর করা হয়েছে। পূর্বে তিতাস ও অন্যান্য বিতরণ কোম্পানির অনুমতি লাগলেও, নতুন অধ্যাদেশে এসব প্রক্রিয়া অনুমোদনমুক্ত হবে। ফলে সেবা গ্রহণ আরও দ্রুত এবং সহজ হবে।
এমইউ/এমএমকে