দাওয়াতে ইসলামীর ‘সুন্নাতে ভরা ইজতিমা’ শুরু ৪ মার্চ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৩ মার্চ ২০২০

প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর হজক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দানে আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। তাবলিগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতিমা শেষ হবে ৬ মার্চ। দেশ-বিদেশের লাখো মুসল্লি এই ইজতিমায় যোগ দেবেন।

তিন দিনের সুন্নাতে ভরা এ ইজতিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। সোমবার সিভিল এভিয়েশনের ইজতিমা ময়দানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সিভিল এভিয়েশনের ময়দানজুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইজতিমা ময়দানে প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও একাধিক ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামী এক হাজার নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী, নাইমুল হায়দার কাদেরী, মাহমুদ কাদেরী, সরফরাজ আশরাফী, বাহাদুর আত্তারী, ইমতিয়াজ কাদেরী প্রমুখ।

মুফতি জহিরুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এদেশে ষষ্ঠবারের মতো আমরা রাজধানীর সিভিল এভিয়েশনের ময়দানে তিন দিনের এই ইজতেমা করতে যাচ্ছি।

ijtema

তিনি বলেন, ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা-কেয়াসের ভিত্তিতে ইমান-আক্বিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ পড়তে হবে, ইসলামের ফরজ, সুন্নাত, নফল এবাদত কীভাবে করতে হয় দালিলিক প্রমাণ দ্বারা হাতে-কলমে মুসল্লিদের শিখিয়ে দেয়া হবে। ইসলাম শান্তির ধর্ম, শান্তির পথে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, জেহাদের নামে জঙ্গিবাদের যে স্থান নেই- এ বিষয়টি জনসাধারণকে সচেতন করে তুলতে কোরআন-সুন্নাহভিত্তিক সারগর্ভ আলোচনা হবে।

দেশ-বিদেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম এখানে আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। বিদেশ ছাড়াও সারাদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও জানান মুফতি জহির।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী বলেন, শুধু বাংলাদেশে নয়- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতিমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।