পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবদলের সেই নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৯ মে ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা শামীম মিয়া ছয়জন সহযোগীসহ কক্সবাজারে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার( ৮ মে) দিবাগত রাতে কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে র‌্যাব-১৫ সদস্যরা তাদের গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার সহযোগীরা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ৫ মে ভোর ৫টার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়েলে তার সমর্থক ও দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ রাখে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়।

হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করে। এসময় তারা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাধা ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়ে।

এদিকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধার মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নাজমুল হুদা/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।