চট্টগ্রামে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে কোরিয়ান বিনিয়োগকারীর মামলা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ মার্চ ২০১৬

চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রামের তিন সহোদর ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন এক কোরিয়ান বিনিয়োগকারী। সোমবার মেসার্স সীমস ফ্যাশনস লিমিটেডের মালিক কোরিয়ান নাগরিক ওহসি সুক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের মামলাটি গ্রহণ করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বায়েজিদ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত তিন সহোদর হলেন- নাসিরাবাদ শিল্প এলাকার কে এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বেঞ্জ ইন্ডাস্ট্রি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফজলুল বারী এবং দুই পরিচালক এস এম রেজাউনুল বারী ও এস এম সাইফুল বারী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা উদ্বেগজনক। এতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুসাহিত হবেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দেশের অর্থনীতি ও ভাবমূর্তি  মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এজন্য আমরা এ বিষয়ে আদালতের কাছে প্রতিকার চেয়েছি।’

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা গার্মেন্টস কারখানার জন্য ফ্লোর ভাড়া দেয়ার নামে বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ লাখ টাকা অগ্রিম নিয়ে তা আত্মসাৎ করেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ফ্লোর বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু তারা ফ্লোর বুঝিয়ে না দিয়ে টাকা আত্মসাৎ করেন।

২০১৫ সালের ১৪ নভেম্বর অভিযুক্তরা আপসে টাকা পরিশোধের অঙ্গীকার করে ১০ লাখ টাকা মূল্যমানের পাঁচটি চেক ইস্যু করেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেকগুলো বারবার প্রত্যাখাত হয়।

চেক প্রতারণার অভিযোগে কোরিয়ান প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান গত ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুই দফায় আইনি নোটিশ দেন। নোটিশের মেয়াদ শেষে সোমবার আদালতের দ্বারস্থ হন কোরিয়ান ওই বিনিয়োগকারী।

জীবন মুছা/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।