মিসরের সেই বিমান ছিনতাইকারীর সঙ্গে যাত্রীর সেলফি


প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ মার্চ ২০১৬

মিসরের অভ্যন্তরীণ রুটের বিমান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছেন ব্রিটিশ এক বিমান যাত্রী। বেন ইন্নিস নামের ওই তরুণ বলছেন, তিনি চেয়েছিলেন ছিনতাইকারীর শরীরে যে সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী ডিভাইস বাধা ছিল সেটির স্পষ্ট ছবি তুলতেই তিনি ওই সেলফি তুলতে আগ্রহী হয়েছিলেন।

ওই বিমান যাত্রী বলেন, তিনি প্রতিকূল পরিবেশেও উৎফুল্ল থাকার চেষ্টা করেছেন। ছিনতাইকারী আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটিকে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করেন।

পরে অভিযুক্ত সেইফ এলদিন মুস্তাফাকে আটক করার পর দেখা যায়, আত্মঘাতীর বোমার বিষয়টি ছিল বানোয়াট। যদিও ছবিটি তুলে দিয়েছিলেন একজন বিমান কর্মী, তবে এই ছবিটিকেই নিজের এ যাবৎকালের শ্রেষ্ঠ সেলফি বলে মন্তব্য করেছেন বেন ইন্নিস।

ওই ছবিতে দেখা যায়, ছিনতাইকারীর সঙ্গে বেশ হাশিখুশী মুখে দাঁড়িয়ে আছেন বিমানের এই যাত্রী। পরে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপকভাবে শেয়ার হয়। এদিকে, বিমান ছিনতাইয়ের ঘটনায় সেইফ এলদিন মুস্তাফাকে আদালতে হাজির করা হয়েছে।

লারনাকা আদালতের বিচারকরা তাকে পুলিশি হেফাজতে রাখার একটি আবেদনের পর্যালোচনা করছেন। যদিও তার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। সাইপ্রাসের কর্তৃপক্ষ তাকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করছেন। যদিও ছিনতাইয়ের কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস জানিয়েছেন, এটি সন্ত্রাসী ঘটনা নয়।

মঙ্গলবার মিসরের এমএস ১৮১ ফ্লাইটটি ৫৬ জন আরোহী দিয়ে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাচ্ছিল। পথে সেইফ এলদিন মুস্তাফা গন্তব্য বদলে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করেন। পরে তিনি জানান, সাইপ্রাসে থাকা তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি ওই বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।