সড়ক ও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের সুপারিশ
দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাসমুহ দ্রুত উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা অংশ নেন।
বৈঠকে নির্মাণাধীন মার্কেট থেকে রাজস্ব আদায়ে আরো তৎপর এবং বিআরটিসির জায়গায় নতুন বাণিজ্যিক ভবন কিংবা নতুন করে জমি লিজ দেয়া থেকে বিরত থাকার সুপারিশ করা হয়।
বিআরটিসি’র গাড়িগুলো নিয়মিত মেরামত ও সংস্কার করা এবং বিআরটিসি’র অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত পদ্মাসেতুর সার্বিক ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। মূল সেতু নির্মাণে ভৌত অগ্রগতি ২০ শতাংশ। পদ্মা সেতুর মোট প্রকল্প ব্যয় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ। ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত ক্রমপুঞ্জিত ৯ হাজার ৭৫৩ কোটি ২৪ লাখ বলে কমিটিকে অবহিত করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন জোন সমুহের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে সরেজমিনে পরিদর্শন করার সুপারিশ করা হয়।
এইচএস/এসকেডি/এবিএস