পে-স্কেলের দুটি ধারা সংশোধন


প্রকাশিত: ০১:০০ পিএম, ৩১ মার্চ ২০১৬

প্রজ্ঞাপন জারির সাড়ে তিনমাস পর জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেলের ) দুটি ধারা সংশোধন করেছে সরকার। বুধবার রাতে এ মর্মে অর্থবিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ সংশোধনী ২০১৫ সালের ৭ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

সংশোধিত ধারা দুটি হচ্ছে, অনুচ্ছেদ ১১-এর উপ-অনুচ্ছেদ ২ এবং অনুচ্ছেদ ১৭-এর উপ-অনুচ্ছেদ ৫।

অনুচ্ছেদ ১১-এর উপ-অনুচ্ছেদ ২ সংশোধনের আগে ছিল- ২০১৫ সালের ১ জুলাই থেকে চাকরি (বেতন-ভাতাদি) আদেশ ২০১৫ গেজেট প্রকাশের আগের দিন অর্থাৎ ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত কোনো কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধি প্রাপ্য হলে তা তিনি পাবেন।
 
সংশোধনে পর ধারাটিতে বলা হয়েছে,  ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত কোনো কর্মচারী যে তারিখে বার্ষিক বর্ধিত বেতন পেতেন, সেই নির্ধারিত তারিখের পরিবর্তে সব কর্মচারী একই তারিখে অর্থাৎ ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তারিখে বার্ষিক বর্ধিত বেতন পাবেন। যেসব কর্মচারী ২০১৫ সালের ১ জুলাই থেকে একই বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক বর্ধিত বেতন বাবদ যে অর্থ তুলে নিয়েছেন, তাদের তা ফেরত দিতে হবে না। কেউ না তুলে থাকলেও সুবিধাটি তিনি পাবেন।

এরই সঙ্গে বেতন কাঠামো আদেশের ১৭ অনুচ্ছেদের ৫ উপ-অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়েছে, যদি স্বামী ও স্ত্রী উভয়ে সরকারি বা স্ব-শাসিত সংস্থা, ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠানের চাকরিজীবী হন এবং তারা একসঙ্গে সরকারি বাসস্থানে বসবাস করেন, তা হলে তাদের মধ্যে যার নামে বাসস্থান বরাদ্দ রয়েছে, তিনি বাড়ি ভাড়া পাবেন না, তবে যার নামে বাসস্থান বরাদ্দ নেই তিনি আগের মতো বাড়ি ভাড়া পাবেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।