ময়মনসিংহে হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে হয়ে গেল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ময়মনসিংহের আঞ্চলিক পর্ব। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ আঞ্চলিক পর্ব। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতার এ আয়োজন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ আঞ্চলিক আয়োজন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুশান্ত কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, রবি’র মার্কেট অপারেশন ডিভিশনের সেলস ম্যানেজার মো. ইশতিয়াক হোসেন, ময়মনসিংহ অঞ্চলের মার্কেট অপারেশন বিভাগের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহসহ অনেকে।
প্রতিযোগিতা সকাল ৮টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে দুপুর ২টা পর্যন্ত। পরবর্তীতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ২০ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আঞ্চলিক পর্বের পাশাপাশি সারাদেশে প্রতিযোগিতা উপলক্ষ্যে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম। সারাদেশে মোট এক হাজার হাইস্কুলে চলবে অ্যাক্টিভেশন কার্যক্রম। এরই অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ৭০০টি স্কুলে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভিশন। দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং-এর প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য গত বছর থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রতিযোগিতায় প্রোগ্রামিং ছাড়াও আইসিটি কুইজও অন্তর্ভুক্ত রয়েছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
এআরএস/পিআর