বৈশাখেই আসছে মাহির শেষ ছবি


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০২ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ৮ এপ্রিল দেশব্যাপি মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মাহিয়া মাহি অভিনীত শেষ ছবি ‘অনেক দামে কেনা’। জাজ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটির ছবি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

Mahiযদিও মাঝখানে শোনা গিয়েছিলো আবারো জাজের ঘরে ফিরছেন মাহি, তবে নায়িকা নিজেই সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাই ধরে নেয়া যেতে পারে জাজের প্রযোজনায় এটিই মাহির শেষ ছবি। অবশ্য অনেক আগেই ছবিটির মুক্তির কথা ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ সব ধাপ শেষ করে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয় ছবিটি।

ব্যবসায়িক দিক বিবেচনায় এনে সময়-সুযোগের অপেক্ষায় ছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান জাজ। শেষমেশ পহেলা বৈশাখেই মুক্তি পেতে যাচ্ছে ‘অনেক দামে কেনা’।

চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’র ছায়া অবলম্বনে নির্মিত ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি। এতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। এদিকে আবার প্রথমবার ডিপজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বাপ্পি-মাহি।

Mahi

‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে  কেনা’র চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ছবিতে একজন অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে দেখা যাবে মাহিকে।  

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।