মারা গেছেন ‘দেবদাস’ শাহরুখ খানের বাবা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৪ মার্চ ২০২৬
মারা গেছেন ‘দেবদাস’ শাহরুখ খানের বাবা

বলিউডের দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘দেবদাস’ ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয়ের জন্য। সেই বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পরিবার।

বিজয় কৃষ্ণ দীর্ঘ অভিনয়জীবনে একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্রে কাজ করেছেন। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘দেবদাস’-এ তার সংযত অথচ প্রভাবশালী অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। পাশাপাশি ‘গুজারিশ’, ‘পিকে’, ‘ফ্যানটম’-সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

দক্ষিণী চলচ্চিত্র জগতেও তিনি ছিলেন পরিচিত মুখ।

শুধু চলচ্চিত্র নয়, মঞ্চনাটকেও ছিল তার সমান দাপট। নাট্যকার মহেশ দাতানি রচিত ‘ডান্স লাইক আ ম্যান’ নাটকে টানা ২৫ বছর অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে এই নাটক অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কারও অর্জন করে।

অভিনয়ের পাশাপাশি কর্পোরেট জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিজয় কৃষ্ণ। ১৯৯৫ সালে তিনি গোদরেজ ইন্ডাস্ট্রিজের বোর্ডে অ-নির্বাহী ও স্বাধীন পরিচালক হিসেবে যোগ দেন এবং বয়সজনিত কারণে ২০২১ সালে পদত্যাগ করেন। পরিবেশ রক্ষা ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা নিয়েও তাঁর কাজ প্রশংসিত ছিল।

তার প্রয়াণে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘দেবদাস’-এর সেই স্মরণীয় পর্দার বাবাকে ভোলার নয় বলেই মনে করছেন অনুরাগীরা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।