‘আইন অমান্যকারীদের ৮০ ভাগ জাতির কর্ণধার’
সড়কে প্রতিনিয়ত আইন অমান্যকারীদের ৮০ ভাগই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যাক্তি ও জাতির কর্ণধার বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার রাজধানীর আমারি হোটেলে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি ট্রাফিকের আইন মানা- না মানা নিয়ে একটি জরিপ চালানো হয়েছিল। জরিপে দেখা যায়, যারা আইন অমান্য করেছে তারা জাতির কর্ণধার।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করে বেশি। পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা থাকে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সলিমুল্লাহ খান, মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, সৈয়দ আবুল মকসুদ, ফকির আলমগীর, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
এআর/এসকেডি/আরআইপি